
ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানকার কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে বোতলে তেল নিতে আসেন যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে আসে। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এ সময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে র্যাব।
এদিকে পাম্পকর্মীদের হামলায় যুবক নিহতের খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাংচুর চালায়।
নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাদাসিধে মানুষ ছিল। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু যেভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে আসে। এ সময় পাম্পের কর্মীরা বাকবিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবা/এসআর/২৫