ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

স্থানীয় সরকারমন্ত্রী

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’ নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আজ কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি বা বড় আমলা হয়েছি। কিন্তু যারা গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে গুম হয়ে গেছেন, তাদের সন্তানরা আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে। বিভিন্ন খাতে সরকারি ভাতা দেওয়া হলেও, এই পরিবারগুলোর জন্য এখনো আমরা কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নিতে পারিনি।

মন্ত্রী বলেন, আমি আজই ফিরে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখব, যেন এই পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে মাসিক ভাতা প্রদান করা হয়। এটি দয়া নয়, এটি তাদের প্রাপ্য।

নির্মাণাধীন ‘মায়ের ডাক’ চলচ্চিত্রটি সম্পর্কে তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের পর আমাদের জাতীয় সংগ্রাম নিয়ে উচ্চমানের সাহিত্য বা শিল্পকর্ম খুব একটা দেখা যায়নি। আমি আশা করি, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রটি সেই মান অর্জন করবে এবং আমাদের সংগ্রামের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? আজকে সেই ফ্যাসিস্ট মহিলা (স্বৈরাচার শেখ হাসিনা) বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলিসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

স্থানীয় সরকারমন্ত্রী,শেখ হাসিনা,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,মায়ের ডাক,গুম হওয়া পরিবার,অস্থিতিশীল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত