
সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু করতে আজ (রোববার) গুলশানের নিজ বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরজা খুলেই উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে তিনি বলেন, “চলেন যুদ্ধে যাই।”
রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। সেখানেই তিনি তার চিরচেনা হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত সবার উদ্দেশে এ কথা বলেন।
এসব তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারোই বুঝতে বাকি রইলা না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার।
প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও তিনি আরো কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে।