অনলাইন সংস্করণ
১৮:৫০, ০৮ মার্চ, ২০২৬
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে “কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি” শিরোনামে খবর প্রকাশের পর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে পদত্যাগ করতে বলা হলে পরে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এদিকে আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।