যাকাত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী ও শায়খ আহমাদুল্লাহর বৈঠক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী ও যাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
বৈঠকে যাকাত বোর্ড পুনর্গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তসমূহ হল—
বিশেষ কমিটি গঠন: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ ও স্থানীয় ইসলামি অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
কমিটির কাজ: পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, তার নাম আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব করবে। কমিটি যাকাত ব্যবস্থাপনা ও যাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।
দারিদ্র্য বিমোচন: গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, কার্যকর যাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে কার্যকর যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন কৌশল নিয়েও আলোচনা হয়।
