
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৯ মার্চ) মধ্যপ্রাচ্যগামী আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৬১টি ফ্লাইট বাতিল হলো।
এর আগে, সোমবার ৩৩টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গিয়েছিল, যার ফলে সে সময় পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৩৩৫টি। পরবর্তীতে নতুন করে আরও ২৬টি ফ্লাইট বাতিল হওয়ায় এ সংখ্যা ৩৬১-তে গিয়ে দাঁড়ালো।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে এর সরাসরি প্রভাব পড়ে।
মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবা/এসআর/২৫