প্রতিশ্রুতি রাখলেন তারেক রহমান, নারীদের হাতে তুলে দিলেন ‘ফ্যামিলি কার্ড’

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:৩১ | অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে পারভিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। এ সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মেলান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ।

কার্ড গ্রহণের পর এক নারী বলেন, আমরা ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি। আমরা জীবনে কল্পনাও করিনি কার্ড পাবো। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে ভালো রাখেন। গরিবের পাশে যেন তিনি থাকতে পারেন।

এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।