দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সম্প্রতি আবার বাড়ছে দূষণ। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার অবস্থান।
বুধবার (১১ মার্চ) সাতসকালেও কয়েক দিনের ধারাবাহিকতায় দূষিত শহরের তালিকায় ২১৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, একই সময়ে ২০৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, ১৯০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৮১।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আবা/এসআর/২৬
