সরকারি দলের সংসদীয় সভা আজ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:৪৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন অর্থাৎ আজ (বুধবার) সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।
বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন, এই অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কোনো কারণে তিনি তা করতে অসামর্থ্য হলে স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করতে পারেন।
এর আগে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংসদ ভবনের চিফ হুইপ মো. নূরুল ইসলামের অফিস কক্ষে এই বৈঠক হয়। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম।
বৈঠকে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আবা/এসআর/২৬
