সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৫:০৮ | অনলাইন সংস্করণ

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাসমূহ—
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত
বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত
পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত
মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল
রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।
নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
