
নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব/দফতর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
এরআগে, দুপুরে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। আহমেদ আযম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
আবা/এসআর/২৬