ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তায় নৌবাহিনী

বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তায় নৌবাহিনী

বাংলাদেশের সমুদ্রসীমার জলসীমায় অবস্থানরত এলএনজি, এলপিজি এবং পরিবহন জ্বালানিবাহী জাহাজগুলোর জোর নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে নৌবাহিনী। এর অংশ হিসেবে চট্টগ্রাম সমুদ্রবন্দর-সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং দেশের জ্বালানি পরিবহন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নৌবাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

‎আইএসপিআর জানায়, নিরাপত্তা ব্যবস্থার আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, দ্রুতগামী বোট মোতায়নের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র পথে সার্বক্ষণিক টহল, আকাশ থেকে নজরদারি এবং সন্দেহজনক জাহাজ বা নৌযান পর্যবেক্ষণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল, নোঙর এবং বন্দরে প্রবেশ ও বহির্গমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দেশের জ্বালানি পরিবহন ব্যবস্থার সার্বিক নিরাপত্তা আরো জোরদার করার লক্ষ্যে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও, সমুদ্রপথে সম্ভাব্য যেকোনো ধরনের চোরাচালান, অপতৎপরতা বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

আবা/এসআর/২৬

জ্বালানি,জাহাজ,নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত