ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ফিরতি ঈদযাত্রা শুরু, আজ অনলাইনে মিলছে ২৩ মার্চের ট্রেন টিকিট

ফিরতি ঈদযাত্রা শুরু, আজ অনলাইনে মিলছে ২৩ মার্চের ট্রেন টিকিট

ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনের মাধ্যমে এসব টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সেই সূচি অনুযায়ী ১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট।

যাত্রীরা রেল সেবা অ্যাপ (Rail Sheba App) এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট থেকে টিকিট কিনতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না থাকলে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন এবং শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’ অপশনে গিয়ে আসন খালি থাকলে তা নির্বাচন করে ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে।

ভিসা বা মাস্টারকার্ড, কিংবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ সম্পন্ন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-টিকিট ডাউনলোড করা যাবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে। ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আগে প্রিন্টেড টিকিট সংগ্রহ করা যাবে।

২৩ মার্চের ট্রেন টিকিট,আজ অনলাইনে মিলছে,ফিরতি ঈদযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত