জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ | অনলাইন সংস্করণ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্পিকার।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ এবং সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধে পৌঁছান এবং সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
