ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার পথ বন্ধ: রেলমন্ত্রী

এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার পথ বন্ধ: রেলমন্ত্রী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে ঘরমুখী যাত্রা শুরু করেছে মানুষ। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের যাত্রার পরিস্থিতি খতিয়ে দেখতে কমলাপুর রেলওয়েস্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

এসময় তিনি জানান, ট্রেনের ছাদে ওঠার সকল পথ বন্ধ করে দেয়া হয়েছে।

শহরের ব্যস্ত জীবনের ধাক্কা পেছনে ফেলে গ্রামের পথে ছুটছে মানুষ। প্রথমদিনের ঈদযাত্রায় রেলস্টেশনে তেমন উপচেপড়া ভিড় দেখা যায়নি এবং সব ট্রেন নির্ধারিত সময়মতো ছাড়ায়।

একজন যাত্রী জানান, ‘এখনো তেমন ভিড় নেই। আরামেই যেতে পারবো। আগের ট্রেনগুলো ঠিক সময়েই গেছে। আশা করি এবার ট্রেন লেট করবে না।’

পরিদর্শনের সময় যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রেলপথ মন্ত্রী সেবা নিয়ে সন্তুষ্ট যাত্রীদের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘অনলাইনে টিকিট বিক্রিতে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও সবাই ন্যায্যভাবে টিকিট পেয়েছেন এবং রেলসহ অন্যান্য পরিবহনে যাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।’

মন্ত্রী আরও জানান, ‘৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয়। প্রায় ৩৭ লাখ মানুষ অনলাইনে টিকিট কিনতে চেষ্টা করেছেন, কিন্তু রেলের সক্ষমতা অনুযায়ী মাত্র ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।’

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেল যোগাযোগে অতিরিক্ত কোচ এবং বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ চালু আছে। মিটারগেজে আরও ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে পাঁচ জোড়া বিশেষ ট্রেন সেবা দিচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে।

শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রার শেষ মুহূর্তে অনেক যাত্রী ছাদে উঠে যাতায়াতের চেষ্টা করেন। এ প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। শতভাগ নিশ্চিত করা কঠিন হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেউ ছাদে উঠতে না পারে।’

ঈদযাত্রার প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়। এই যাত্রা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

রেলমন্ত্রী,ট্রেনের ছাদে ওঠার পথ বন্ধ,ঈদযাত্রা হবে নির্বিঘ্ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত