ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:০২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানি প্রদান করা হবে।

জানা গেছে, প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ থাকছে ১০ হাজার টাকা। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা।

অন্যদিকে প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দ থাকছে ৮ হাজার টাকা। এ অর্থ থেকে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবায়েত পাবেন ৩ হাজার টাকা।
 
এ ছাড়া প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য বরাদ্দ থাকছে ৮ হাজার টাকা। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা।

প্রতি খ্রিস্টান গির্জার জন্যও থাকছে ৮ হাজার টাকা। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।