অনলাইন সংস্করণ
১৪:৫১, ১৪ মার্চ, ২০২৬
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আমগাছের চারা রোপণ করেন স্পিকার। পরে সংসদ প্রাঙ্গণে আরও একটি আমগাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে স্পিকার তার সরকারি বাসভবন (বাংলো) পরিদর্শন করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা, সার্জেন্ট অ্যাট আর্মস এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।