অনলাইন সংস্করণ
১৭:৫১, ১৪ মার্চ, ২০২৬
বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটিতে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমানকে রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে, মাহফুজ উন নবী চৌধুরীকে রংপুর সিটি কর্পোরেশনে এবং মো. ইউসুফ মোল্লাকে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নিয়োগপ্রাপ্তরা সবাই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেনকে প্রশাসক করা হয়।
এর ফলে দেশে মোট ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিলো সদ্য নির্বাচিত বিএনপি সরকার। এর বাইরে রয়েছে কেবল চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেখানে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।