সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে এগুলো পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের সম্মতিতে সেগুলো কমিটির কাছে পাঠানো হয়।
দেশের প্রচলিত আইন অনুযায়ী, সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জারি করা কোনো অধ্যাদেশ পরবর্তী অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করতে হয়। সে অনুযায়ী গত ১২ মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী।
সাধারণত কোনো বিল পরীক্ষা–নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়নি।
এ কারণে অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য সংসদের প্রথম বৈঠকেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে সংসদে প্রতিবেদন দেবে।
