বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ফুলকপি প্রতীক।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুটি আসনে নির্বাচিত হওয়ায় শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
