অনলাইন সংস্করণ
১১:১৫, ১৬ মার্চ, ২০২৬
দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করতে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থল দিনাজপুরে যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। সৈয়দপুরে পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যাবেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ‘সাহাপাড়া খাল’ খননের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন তিনি। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার।