
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকেই শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।
মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং অর্জন করা যায় তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত।
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও মোনাজাতে রাত কাটাবেন। মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের আয়োজন করা হবে।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, পবিত্র রমজান মাসের এই মহিমান্বিত রাতেই মানবজাতির পথনির্দেশক হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসাবাড়িতেও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। দেশের সংবাদপত্রগুলোতেও প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।