শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ঈদের ছুটি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:৪৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সেই হিসাবে আজ সোমবার (১৬ মার্চ) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে আজ ঈদের আগে সর্বশেষ কর্মদিবস পালন করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।
সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এতে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ঈদের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল।
তবে ঈদের আগে ১৭ মার্চ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের ছুটি রয়েছে। এরপর মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা থাকার কথা ছিল। কিন্তু ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন মহল থেকে ওই দিন ছুটি দেওয়ার দাবি ওঠে।
পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে।
এর ফলে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।
