ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। ঈদের আগে গতকাল সোমবার (১৬ মার্চ) ছিল শেষ কর্মদিবস। ওইদিন বিকেল থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে সড়কপথে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি রয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এর সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। আর ১৭ মার্চ শবে কদর-এর ছুটি থাকায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা সাত দিনের ছুটি।

এর আগে ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি ওঠে। এর প্রেক্ষিতে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে ১৮ মার্চ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোও খোলা থাকবে।

ঈদ,ছুটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত