শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, ২ রোগীর মৃত্যু
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগলে এই ঘটনা ঘটে। এ সময় মেডিসিন ভবনে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।
নিহতরা হলেন- বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পাওয়া যায়। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত স্বজনরা অসুস্থ রোগীদের নিয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ওসি মামুন জানান, মেডিসিন ভবনের পুরনো চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ওই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আবা/এসআর/২৬
