অনলাইন সংস্করণ
১২:৫৬, ১৮ মার্চ, ২০২৬
সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি। রাস্তায়ও নেই কোনো যানজট।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার মধ্যেই যাত্রী বহন করছে, বরং কয়েকটি পরিবহন ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম নিচ্ছে।
টার্মিনালে পুলিশ বুথ রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না।
তিনি আরও বলেন, যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেল পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে এবং এসব যানবাহন প্রয়োজনীয় জ্বালানি পেয়েছে বলেই চলাচল সম্ভব হয়েছে।
কেউ তেল না পেলে অভিযোগ করতে পারবে বলেও জানান তিনি। তার মতে, গণপরিবহনে কোনো ধরনের জ্বালানি ঘাটতি নেই।