অনলাইন সংস্করণ
২৩:২৮, ১৮ মার্চ, ২০২৬
গাজীপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। তবে রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা ৩৪ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে আমাদের ৫ ইউনিট সেখানে কাজ করছে। আগুন ভয়াবহ হয়ে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি বলেও জানান তিনি।
আবা/এসআর/২৬