তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছে এবং উপবাস ও প্রার্থনায় পবিত্র সময় কাটিয়েছে। ঈদুল ফিতর উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের চিরকালীন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
চিঠিতে নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।
এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
