অনলাইন সংস্করণ
২০:২৬, ১৯ মার্চ, ২০২৬
নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে এ বিষয়ে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনার কথাও জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রীসেবা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার প্রবণতা পুরোপুরি বন্ধ করা হবে এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কড়া নজরদারি থাকবে। পাশাপাশি যাত্রীদেরও নিয়ম মেনে চলা এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রাজিব আহসান আরও বলেন, ভবিষ্যতে যাত্রী পারাপার ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ঘাট থেকে কিছুটা দূরে স্থায়ী অবকাঠামো গড়ে তুলে অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল নিয়ন্ত্রণে আনা হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাঁর দাবি, কোনো যাত্রীও অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে অভিযোগ করেননি।
তিনি আরও জানান, যাত্রীদের স্বস্তির কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে লঞ্চ ভাড়া ১০ শতাংশ কমিয়েছে এবং তা কার্যকর রয়েছে।