আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৭:১৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। টানা ৩০ দিন সিয়াম সাধনার পর দেশজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের আনন্দে মেতে উঠবেন।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান এবং দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীর, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
