দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২৩:৪৫ | অনলাইন সংস্করণ

সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, নাটোরে একজন, সুনামগঞ্জে একজন, কিশোরগঞ্জে দুই বন্ধু এবং কুড়িগ্রামে একজন নিহত হয়েছেন।
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ
সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে। রাত প্রায় ৩টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।
হবিগঞ্জে পিকআপ দুর্ঘটনা
কুমিল্লার ঘটনার কয়েক ঘণ্টা পর হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে এক নারী ও এক কিশোর রয়েছে। পুলিশ ধারণা করছে, গভীর রাতে বা ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে।
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। সড়কে কাজ চলার কারণে ধীরগতির অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাস ধাক্কা দিলে যানজট সৃষ্টি হয়। পরে দ্রুতগতির আরেকটি বাস এসে জটলায় ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পাবনায় বিয়ের আগের দিন প্রাইভেটকার দুর্ঘটনা
পাবনা-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছে ধাক্কা লাগলে জুলফিকার ইসলাম জিল্লু (২৬) নামে এক যুবক নিহত হন। তিনি পরদিন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং দাওয়াত দিতে যাচ্ছিলেন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে চর রাজিবপুর উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবা/এসআর/২৬
