অনলাইন সংস্করণ
১১:১৪, ২৩ মার্চ, ২০২৬
দেশের সব রোগীর জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সুচিকিৎসা না পাওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না।
রোববার (২২ মার্চ) শিবপুর উপজেলা, নরসিংদী-তে উপজেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন ও সচল রাখার উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি, কৃষি ও হেলথ কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া শিবপুর সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মনজুর এলাহী। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।