তেলের মজুত পর্যাপ্ত, বিক্রি বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:০১ | অনলাইন সংস্করণ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকলেও হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের (চাহিদা ও সরবরাহ) মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে গেছে। আমরা একইভাবে সাপ্লাই করতাম সে সাপ্লাই চলছে। ডিমান্ড বেড়ে গেল তো সেখানে তো একটু ক্রাইসিস হবে। ক্রাইসিস হচ্ছে, এটা তো এটা তো সাধারণ জ্ঞান।  

তিনি প্রশ্ন রেখে বলেন, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? সেটাও হয় নাই। ঈদের মধ্যে যে সবাই বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? ঈদটা গেল কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হইছে? তাহলে আমার মনে হয় যে, এখন কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষকে বোঝতে হবে। অকারণে মজুত করার কোনো দরকার নাই।

ইকবাল হাসান বলেন, সংকট তো আমরা তৈরি করি নাই। আমরা ইমপোর্ট করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সেজন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় দেখে না। সেটি এনার্জি কমিশন দেখে। আমরা এখনো দাম বাড়াইনি।