ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে নিজ দফতরে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি।
সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি নিয়মিত দাফতরিক কাজ শুরু করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।
দিনের কর্মসূচির শুরুতে সকালে আন্তর্জাতিক মুদ্র তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
