ঘোষণার পরই পরিবর্তন, ২৫ মার্চ রাতে প্রতিকী ব্ল্যাক-আউট হচ্ছে না
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০:৫৭ | অনলাইন সংস্করণ

এবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হচ্ছে না। আগে এদিন রাতে প্রতীকীভাবে দেশজুড়ে ব্ল্যাক-আউট পালনের ঘোষণা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
সেই ঘোষণায় কেপিআই, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোকে কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছিল।
তবে রাতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানান, ২৫ মার্চ রাতে এক মিনিটের ব্ল্যাক-আউট কর্মসূচি আর থাকছে না। কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি বাহিনীর বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে শুরু হয় গণহত্যা। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয় এবং পুরো ঢাকাজুড়ে নেমে আসে ভয়াবহতা।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের সময়ে ২৫ মার্চের কালরাত স্মরণে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি চালু করা হয়। গত বছরও রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছিল।
