ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের এ দুই কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রপতির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব নিয়োগ দিয়ে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে আরও দুই কর্মকর্তা যুক্ত হলেন।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয়। পরে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেস সচিব সরওয়ার আলমকে একই পদে নিয়োগ দেয়।

এদিকে, পৃথক আরেক আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, বর্তমান সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে ফেরত নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতি,উপপ্রেস সচিব,সহকারী প্রেস সচিব,সরকার,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত