দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ১৯
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:০০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৬ জন। সকল মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিনগত রাত সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৪টা পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এরআগে রাত ১টার দিকে সাংবাদিকদের ব্রিফকালে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান রাত ১টা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন।
তিনি জানান, বুধবার (২৫ মার্চ) কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌহার্দ্য পরিবহনের একটি বাস বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। ঘটনার খবর পাওয়ার পর বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাসটি নদীর ৮০-৯০ ফুট গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে বাসটি পন্টুনের নিচে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ হামজার বাসটি ধীরে ধীরে ওপরে তুলে আনে। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আবা/এসআর/২৬
