বৈরি আবহাওয়া: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
জানা গেছে, ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ায় নদী উত্তাল হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় পাটুরিয়া প্রান্তে আটটি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে অস্থায়ীভাবে এ অবস্থা চলতে পারে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি হলে দ্রুত ফেরি চলাচল চালু করা হবে।
আবা/এসআর/২৬
