মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না : প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২২:৪১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, কাজেই নয়াপল্টনসহ সারাদেশে আমাদের যেসব নেতাকর্মী আছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের অসুবিধা হয়, কষ্ট হয় এমন জিনিস করা যাবে না।
শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টন কার্যালয়ের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক সমস্যা আছে, মানুষকে বুঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। অনেক কাজ আছে আমাদের, এজন্য প্রথম কাজ হলো রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না, যাতে আমি অফিসে আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না। প্রতিটি নেতাকর্মীকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
এর আগে বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারের চলমান কার্যক্রম ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সরকার গঠনের পর এদিন সন্ধ্যায় প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। সন্ধ্যায় নয়া পল্টনে পৌঁছালে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। গাড়ি থেকে নেমে কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
পরে কার্যালয়ের ভেতরে আগে থেকে অবস্থান নেয়া প্রায় অর্ধশত এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এসময় সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর।
আবা/এসআর/২৬
