দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রোজাসহ ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস চালু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের আদেশ এবং পরবর্তী সময়ে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

পরে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখা হয়।

এদিকে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

 

 

আবা/এসআর/২৬