বিকেলে বসছে সংসদ অধিবেশন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক বসবে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে।
