ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আগামী সাত দিনে বৃষ্টিপাত বাড়ার আভাস

আগামী সাত দিনে বৃষ্টিপাত বাড়ার আভাস

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানে আগামী সাত দিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

সোমবার (৩০ মার্চ) দেওয়া সংস্থাটির সাত দিনের ধারণাগত পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সময়ে হাওরাঞ্চলে স্থানভেদে সর্বোচ্চ ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী তিন দিন– ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে হাওর অববাহিকার প্রধান নদী ও উপনদীগুলোর পানি সমতল সপ্তাহের প্রথমার্ধে কিছুটা বাড়তে পারে। তবে শেষার্ধে তা আবার কমতে শুরু করতে পারে। সার্বিকভাবে নদীগুলোর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে বাপাউবো জানিয়েছে, সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমছে। অন্যদিকে ধনু-বাউলাই নদীর পানি বাড়ছে এবং ভুগাই-কংস নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। তবে সব নদীর পানিই এখনও প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে রয়েছে।

দিনভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মার্চ ও ১ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদীর পানি কিছুটা বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে। ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে হালকা থেকে মাঝারি পর্যায়ে থাকতে পারে। এই সময়ে পানি সমতল ধীরে ধীরে স্থিতিশীল হয়ে পরে কমতে পারে।

আবা/এসআর/২৬

বৃষ্টিপাত,আভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত