প্রধানমন্ত্রীর দেওয়া ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে যুক্ত হলো এক অভূতপূর্ব মাইলফলক। দীর্ঘদিনের অবহেলা আর আর্থিক অনিশ্চয়তা পেছনে ফেলে দেশের খেলোয়াড়রা এখন থেকে সরকারি বেতন কাঠামোর গর্বিত অংশ। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই বৈপ্লবিক স্লোগানকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ১২৯ জন কৃতী খেলোয়াড়ের হাতে তুলে দিয়েছেন বহু প্রতীক্ষিত ‘ক্রীড়া কার্ড’।
এই উদ্যোগের মাধ্যমে কেবল সম্মাননাই নয়, বরং অ্যাথলেটদের জন্য নিশ্চিত করা হয়েছে মাসিক ১ লাখ টাকা সম্মানী, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ২০টি ডিসিপ্লিনের খেলোয়াড়দের মাঝে ২ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক পুরস্কার ও ভাতা তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ৫০০ জন খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে।
সাফ জয়ী নারী ফুটসাল দল থেকে শুরু করে কাবাডি, ভলিবল, আরচারি, ব্যাডমিন্টন, সেপাক টাকরো এবং প্যারা-অ্যাথলেটদেরও এই তালিকায় রাখা হয়েছে। ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই কাঠামোর বাইরে থাকলেও, অন্যান্য অবহেলিত খেলার মানোন্নয়নে সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর হাত থেকে এই উপহার পেয়ে আবেগাপ্লুত অ্যাথলেটরা। নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এটি আমাদের জন্য বিশাল এক সারপ্রাইজ। এখন খেলোয়াড়রা চোখ বন্ধ করে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারবে। তবে এই সম্মান ধরে রাখা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
আবা/এসআর/২৬
