বিরোধী দলের নেতার দাবিকে অসত্য বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২২:০৮ | অনলাইন সংস্করণ

সংসদীয় কার্যপ্রণালি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিরোধী দলীয় নেতার উত্থাপিত দাবি সঠিক নয় এবং তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, সংসদীয় সংস্কৃতিতে বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার থাকলেও সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান একই পয়েন্টে বক্তব্য দিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধি অনুযায়ী মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শেষে ভোটাভুটির কোনো সুযোগ নেই। তাই সরকারের সিদ্ধান্ত না পাওয়ার বিষয়টি সামনে এনে ওয়াকআউট করা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ ছাড়া কিছু নয়।
তিনি উল্লেখ করেন, বিরোধী দলের উত্থাপিত মুলতবি প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকারের উপস্থিতিতেই তিনি আপত্তি জানিয়েছিলেন। ৬৮ বিধি অনুযায়ী কিছু বিষয় উত্থাপন করা গেলেও, যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার বিধান নেই।
তিনি আরও বলেন, স্পিকার জাতীয় গুরুত্ব বিবেচনায় বিষয়টি আলোচনার জন্য দুই ঘণ্টা সময় দিয়েছেন এবং এতে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে। তবে সংসদের প্রচলিত রীতি অনুযায়ী, এ ধরনের আলোচনা শেষে তা ‘টক আউট’ হিসেবে গণ্য হয় এবং এখানে ভোটাভুটির কোনো বিধান নেই। কেবল প্রস্তাবটি গৃহীত হবে কি না, সে বিষয়ে ভোটাভুটির সুযোগ থাকে।
ব্রিটিশ পার্লামেন্টের নজির তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল অনেক সময় সরকারি কার্যক্রমে চাপ সৃষ্টি করতে বা ট্রেজারি বেঞ্চের অগ্রগতি ব্যাহত করতে মুলতবি প্রস্তাব তোলে। এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হবে কি না, তা স্পিকারের এখতিয়ার বা ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হয়।
বিরোধী দলের নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবসম্মত নয়। একই বিষয়ে যখন বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তখন বেসরকারি সদস্যরাও তা উত্থাপনের সুযোগ পেতে পারেন।
বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বলেন, সংসদীয় বিধি অনুযায়ী আলোচনার পর ভোটাভুটির সুযোগ না থাকলেও বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে, তবে সেটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।
