অনলাইন সংস্করণ
২০:৪৭, ০২ এপ্রিল, ২০২৬
সংসদে গণভোটসহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে উত্থাপিত না হওয়ায় সেগুলো সাংবিধানিক বিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা ‘ল্যাপস’ হতে যাচ্ছে। জাতীয় সংসদের বিশেষ কমিটি এসব অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করে ভবিষ্যতে আরও যাচাই-বাছাই শেষে শক্তিশালীভাবে নতুন করে উপস্থাপনের সুপারিশ করেছে।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে অনুমোদিত না হলে এর কার্যকারিতা লোপ পায়। সেই হিসাবে আগামী ১২ এপ্রিলের মধ্যে এই ১৬টি অধ্যাদেশ বাতিল হয়ে যাবে।
এদের মধ্যে ১২টি অধ্যাদেশের বিষয়ে জামায়াতে ইসলামীর তিন সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপন করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ অবিকল পাসের জন্য সুপারিশ করেছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে পাস এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।
তবে গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এখনই সংসদে না এনে আরও সময় নিয়ে পর্যালোচনার পক্ষে মত দিয়েছে কমিটি। তালিকায় আরও রয়েছে দুর্নীতি দমন কমিশন (সংশোধন), তথ্য অধিকার (সংশোধন), রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন), কাস্টমস ও আয়কর সংশোধন, বেসামরিক বিমান চলাচল সংশোধন, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক সংক্রান্ত অধ্যাদেশ।
এদিকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশ নিয়ে জামায়াতের সদস্যরা ভিন্নমত দিয়েছেন। তারা জেলা পরিষদ, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা সংশোধন সংক্রান্ত অধ্যাদেশে অনির্বাচিত প্রশাসক নিয়োগের বিধানকে সংবিধানবিরোধী ও বেআইনি বলে উল্লেখ করেছেন।
প্রতিবেদনে সংবিধানের ৫৯ অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের ‘কুদরত-ই-ইলাহী পনির বনাম বাংলাদেশ’ মামলার রায়ের কথাও তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তিনটি বৈঠকের মাধ্যমে কমিটি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করে।