অনলাইন সংস্করণ
২১:০৮, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বক্তব্যে ‘মিথ্যা’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তারা, যা পরে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আগের দিন সংসদ থেকে বের হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ‘অসত্য’ বক্তব্য দেওয়ার অভিযোগ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপনে দক্ষতা রাখেন। এ মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।
এ সময় স্পিকার বিষয়টি আগের দিনের হওয়ায় নতুন করে তা উত্থাপন না করার পরামর্শ দেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা বক্তব্যে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করে অসংসদীয় ভাষা প্রয়োগ করেছেন এবং এটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।
তিনি উল্লেখ করেন, ‘অসত্য’ বলা হলে তার আপত্তি থাকত না, কিন্তু ‘মিথ্যা’ শব্দটি সংসদীয় রীতিনীতির পরিপন্থী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগের দিনের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বিরোধীদলীয় নেতার মন্তব্যকে অসত্য বলেছিলেন। রুল ৬২ অনুযায়ী, বিরোধীদলীয় সদস্যদের ওয়াকআউটের পরে কোনো বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব আগে উত্থাপন করা সম্ভব নয় বলেও তিনি যুক্তি দেন।
পরে জবাব দিতে আবারও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একই ধরনের একটি প্রস্তাব আগেই একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা পরবর্তীতে ভিন্ন নামে উপস্থাপন করা হয়েছে। বিষয়বস্তু একই থাকায় তিনি পূর্বের তথ্যের ভিত্তিতেই বক্তব্য দিয়েছেন এবং এতে কোনো ভুল তথ্য উপস্থাপন করেননি বলে দাবি করেন।