অনলাইন সংস্করণ
১২:৪৯, ০৩ এপ্রিল, ২০২৬
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। একই দিনে রাতে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে ভিড়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানান, ভোরে পৌঁছানো জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হবে। বর্তমানে এটি ডলফিন জেটিতে নোঙরের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, রাতেই দ্বিতীয় জাহাজটি জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছাবে এবং আগামীকাল এলএনজি বহনকারী আরও একটি জাহাজ আসার সম্ভাবনা রয়েছে।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি ২৭ হাজার টনের কিছু বেশি ডিজেল নিয়ে এসেছে।
অন্যদিকে মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজটি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে রাতে বন্দরে পৌঁছাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ বন্দরে ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি বহন করেছিল।