দেশে তেলের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৫:১০ | অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার ইতোমধ্যেই আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে এবং তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানো অন্তর্ভুক্ত।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদবাজার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তিনি সেই বাস্তব চিত্র স্পষ্টভাবে দেখেছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যেই জেলা স্থানীয় সরকার বিভাগ (ডিডিএলজি) সঙ্গে আলোচনাও সম্পন্ন হয়েছে এবং জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।
এ সময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টুসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
