
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
শনিবার (৪ এপ্রিল) অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া শুক্র ও শনিবার (২ দিন) সাপ্তাহিক ছুটি থাকবে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচিতে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের শনিবারের পত্রের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আবা/এসআর/২৬