শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন না অফলাইনে, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:১৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস হবে নাকি অনলাইন বা মিশ্র পদ্ধতিতে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত গ্রহণ করা হবে। 

মন্ত্রী আরও বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করা হবে। এরপর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

আজকের কর্মসূচি সম্পর্কে ড. মিলন বলেন, আমরা আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শগুলো শুনেছি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে হচ্ছে।